নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে হাম-রুবেলা রোগের বর্তমান পরিস্থিতি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১২টায় ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় হাম ও রুবেলা প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে রোগের বর্তমান পরিস্থিতি ও প্রতিকার বিষয়ে বিশদ আলোচনা করেন ডা. আব্দুর রাজ্জাক।
তিনি তার বক্তব্যে বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক সময়ে টিকা প্রদান এবং আক্রান্তদের দ্রুত সুচিকিৎসার আওতায় আনা জরুরি।”
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসানের উপস্থিতিতে আয়োজিত এই সভায় জেলা ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা বলেন, হাম-রুবেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একইসঙ্গে শিশুদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
উল্লেখ্য, ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে শিশুদের সুচিকিৎসার সুবিধার্থে ইতোমধ্যে ২৩ শয্যাবিশিষ্ট একটি বিশেষ হাম ওয়ার্ড চালু করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. সালাউদ্দিন ফরিদ, ডা. আলিমুদ্দিন, ডা. পার্থ প্রতিম সিকদার, ডা. এস এ চৌধুরী এবং ডা. নকুল রঞ্জন সরকারসহ হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকবৃন্দ।