জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী
‘আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, ডেইরি’ স্লোগানে ফরিদপুরের বোয়ালমারীতে দুগ্ধ খামার লাভজনক ও টেকসই করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্র্যাক অফিস হলরুমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে।ডা. মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে ও এস এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. শেখ সাদী।
তিনি বলেন, পরিচ্ছন্নতা, সঠিক সময়ে টিকা ও উন্নত জাত নির্বাচন নিশ্চিত করলে মানসম্পন্ন দুধ উৎপাদন বৃদ্ধি পাবে।
মূল বিষয়ে আলোচনায় ডা. মো. ওয়ালিদ হোসেন খামারিদের ‘মডেল ফার্ম’ গড়ার আহ্বান জানিয়ে গাভী উন্মুক্ত রাখা ও পরিষ্কার পানি সরবরাহের কৌশল শেখান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ইলিয়াস আলী, মো. সোহেল হোসেন ও মো. আনিসুর রহমান। শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হয়।
খামারিরা এই উদ্যোগের প্রশংসা করে ব্র্যাকের কৃত্রিম প্রজনন প্রযুক্তির সুবিধা ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন।