নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারীতে পণ্যবাহী নসিমন উল্টে মো. সোহাগ (২৩) নামে এক তরুণ চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ বোয়ালমারী উপজেলার অমৃতনগর এলাকার মো. কামাল মোল্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সোহাগ মালামালবোঝাই একটি নসিমন চালিয়ে যাচ্ছিলেন। কোন্দারদিয়া এলাকায় পৌঁছালে নসিমনটি একটি স্পিডব্রেকারে (গতি নিরোধক) ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির হ্যান্ডেল চালক সোহাগের পেটে ঢুকে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।