নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। একই সাথে মানবিক সহায়তার অংশ হিসেবে ফরিদপুর জেনারেল হাসপাতালকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা ও ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ দিন চিকিৎসা, শিক্ষা ও সাধারণ অনুদান ক্যাটাগরিতে মোট ৫১ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে সর্বমোট ১ লাখ ৩২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
এছাড়া, স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় মানবিক সহায়তার অংশ হিসেবে ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা মূল্যের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন উপহার হিসেবে প্রদান করে জেলা পরিষদ। অনুষ্ঠানে অনুদান গ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।