নিজস্ব প্রতিবেদক
স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে নারী উন্নয়নভিত্তিক সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনার প্রতিবাদ এবং দেশজুড়ে নারী-শিশুর ওপর বাড়তে থাকা যৌন সহিংসতার বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা বলেন, ২০০৯ সালে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা ও অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিলেও অধিকাংশ প্রতিষ্ঠানে তা বাস্তবায়িত হয়নি।
সমাবেশে দ্রুত অভিযোগ কমিটি ও সুরক্ষা কমিটি গঠন, আবাসিক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার এবং যৌন সহিংসতার দ্রুত বিচার দাবি করা হয়।