নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের গোয়ালচামটস্থ পরিচালন ও সংরক্ষণ সার্কেল কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ সাশ্রয়ে জনসাধারণের অংশগ্রহণ ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের ধকল কাটিয়ে ফরিদপুরে বর্তমানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং জেলায় এখন কার্যত কোনো লোডশেডিং নেই। বর্তমানে ওজোপাডিকোর ১ লাখ ১২ হাজার গ্রাহকের বিপরীতে দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ৭৫ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের উচ্চমূল্য সত্ত্বেও জনস্বার্থে সরকার প্রতি ইউনিটে প্রায় ২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি দিচ্ছে।
অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী মীর মোস্তাফিজুর রহমান ও প্রণব চন্দ্র দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে অপচয় রোধ ও সাশ্রয়ী হওয়ার জন্য গ্রাহকদের প্রতি বিনীত অনুরোধ জানান।