নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়া তাকে ও তার পরিবারকে রাজনৈতিক প্রতিহিংসামূলক হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন। গত রোববার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বাচ্চু মিয়া দাবি করেন, ২০২১ সালে গজারিয়ায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মাসুদ রানা নিহত হলেও রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ও তার সমর্থকদের আসামি করা হয়েছে।
সম্প্রতি নিহত মাসুদ রানার ভাই আসাদুজ্জামান আসাদের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও তাকে সামাজিকভাবে হেয় করতে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। প্রতিহিংসার জেরে তার বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। মামলার বাদী ও সাক্ষীরা আওয়ামী ঘরানার হওয়ায় একে সাজানো মামলা হিসেবে অভিহিত করেন তিনি।
সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর কবিরাজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মুন্সীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।