নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের স্থানীয় বাজারগুলোতে রসালো মৌসুমি ফলের সরবরাহ ও আমদানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। জৈষ্ঠ্যের আগমনে বাজারে দেশীয় ফলের আধিপত্য বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বিশেষ করে খুচরা বাজারে আমের পাশাপাশি লিচু ও তরমুজের সরবরাহ বাড়ায় দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে।

মঙ্গলবার জেলার হাজী শরীয়াতুল্লাহ বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি ১০০ পিস দেশি লিচু ১২০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। জাতভেদে গোবিন্দভোগ আম প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা এবং মাঝারি আনারস পিসপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় মিলছে। এছাড়া বড় আকারের তরমুজ ১৫০ থেকে ২৫০ টাকায় এবং ছোট তরমুজ তিনটি ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, অধিকাংশ ফলই সরাসরি বাগান থেকে আসছে। তবে সর্বোচ্চ স্বাদ পেতে ফল কিনে কয়েকদিন ঘরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। আগামীতে সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।