নিজস্ব প্রতিবেদক
ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলাটিকে ‘রাজনৈতিক’ হিসেবে চিহ্নিত করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়ায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে নিহতের পরিবার।   মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মো. আসাদুজ্জামান।
লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় প্রবাসী মাসুদ রানাকে নৃশংসভাবে হত্যা করা হয়। বর্তমানে মামলাটির বিচারিক কার্যক্রম চলমান থাকা অবস্থায় গত ২৩ এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক চিঠিতে মামলাটি প্রত্যাহারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা জানতে পারেন। নিহতের পরিবার অভিযোগ করে, মামলার প্রধান আসামি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইমদাদুল হক বাচ্চুসহ অন্য আসামিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে রাজনৈতিক মামলা হিসেবে সাজানোর অপচেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে নিহতের মা হালিমা বেগম ও স্ত্রী শাহীন আফরোজ রোজি ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অবিলম্বে এই প্রত্যাহারের প্রক্রিয়া বন্ধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।