নিজস্ব প্রতিবেদক
সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরে তথ্য অধিকার আইন-২০০৯ শীর্ষক বিশেষ প্রচারণা ও ওরিয়েন্টেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুর মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম মঈনূল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, আপিল ও অভিযোগ দায়েরের নিয়মাবলী বিস্তারিত তুলে ধরেন। সভায় সনাক সদস্য মো. মাহবুবুর রহমান বলেন, তথ্য প্রাপ্তির আইনটি জনকল্যাণমুখী হলেও প্রচারের অভাবে অনেকে এর সুফল পাচ্ছেন না। অনুষ্ঠানের সভাপতি মঈনূল আহসান অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে দুর্নীতি হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। তবে অকারণে কাউকে হয়রানি না করার জন্যও তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য মঞ্জু আরা স্বপ্না, মো. হাসানউজ্জামান এবং সিনিয়র প্রশিক্ষক এম. এম. আবুল কালাম আজাদ। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ শেখানো হয় এবং তারা সকলে মিলে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করেন।
এ সময় ইয়েস সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।