নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সহীদুল ইসলাম মজনুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ফৌজদারি মামলায় আদালতের অভিযোগপত্র গৃহীত হওয়ায় জনস্বার্থে তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে গত ৪ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, চেয়ারম্যান মজনুর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় জিআর ৫৩৬/২০২৪ নম্বর মামলা দায়ের করা হয়েছিল। মামলাটিতে ১৪৩, ৩২৩, ৩০৭সহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় আনা অভিযোগগুলো ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালত আমলে গ্রহণ করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি মামলার আসামি হিসেবে তার হাতে ইউনিয়ন পরিষদের ক্ষমতা থাকা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং তা জনস্বার্থের পরিপন্থী।
এমতাবস্থায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা মোতাবেক তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় ঈশানগোপালপুর ইউনিয়নসহ পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।