নিজস্ব প্রতিবেদক
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বিশেষ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ফরিদপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে এই যুগান্তকারী কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে কাজ করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এখান থেকে উঠে আসা খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল উইং’ এর মাধ্যমে খেলোয়াড়দের বিদেশে সুনাম অর্জনের সুযোগ করে দেওয়া হবে বলেও তিনি জানান।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ মোট আটটি ইভেন্ট রয়েছে। ১০টি বিভাগের এই লড়াইয়ে ফরিদপুর জেলা সেরা অবস্থান অর্জন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী দিনে বালক-বালিকা বিভাগের কাবাডি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নকআউট পদ্ধতির এই ক্রীড়া উৎসব আগামী ৬ মে পর্যন্ত ফরিদপুর স্টেডিয়ামে চলবে। ভালো ফলাফলকারীদের জন্য ব্যক্তিগত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে অনুষ্ঠানে।