মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় খোরপোষ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ বা ‘পার্টনার’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক ও ইফাদের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রইস উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীল কমল সন্ন্যাসী। কর্মশালায় সেশন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইয়াকুব আলী চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক লিয়াকত আলী লাবলু ও কৃষক মুরাদ বেগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৫ জন করে কৃষক নিয়ে একটি করে পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে। এসব স্কুলের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের প্রতিবন্ধকতাগুলো দূর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের বাণিজ্যিক কৃষিতে উদ্বুদ্ধ করতে বাজার ব্যবস্থাপনা ও বিভিন্ন আয়বর্ধক সমবায় কার্যক্রমের সাথে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। কৃষিকে লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।