নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় ভুবনেশ্বর নদীর তীরে অসহায় ও অস্বচ্ছল লুৎফর রহমানের স্বাবলম্বী হওয়ার আজন্ম লালিত স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিল। ‘আমরা করবো জয়’ সংগঠনের জাকাত ফান্ডের অর্থায়নে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে তাকে একটি সুসজ্জিত মুদি দোকান তৈরি করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে একজন শ্রমজীবী মানুষের জীবন যুদ্ধে জয়ী হওয়ার নতুন পথ প্রশস্ত হলো।
গত সোমবার সন্ধ্যায় আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে ফিতা কেটে দোকানটির শুভ উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল। উদ্বোধন শেষে তিনি বলেন, লুৎফর রহমান দীর্ঘ দিন ধরে নদীর পাড়ে একটি দোকান দেওয়ার ইচ্ছা পোষণ করছিলেন। আহমেদ সৌরভের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিই। সমাজে এমন মানবিক ও সহযোগিতামূলক কাজ আমাদের সংগঠন নিয়মিত করে থাকে এবং আগামীতেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।
ডা. আহমেদ সৌরভ জানান, জাকাত ফান্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলোর স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা লুৎফরের জীবনে বড় পরিবর্তন আনবে। উদ্বোধনী অনুষ্ঠানে আবুল খায়ের বাউল, ফয়সাল কবির পাভেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।