নিজস্ব প্রতিবেদক
তীব্র তাপদাহ ও অসহনীয় গরম উপেক্ষা করে ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফরিদপুর শিল্প ও বাণিজ্য মেলা। গত ৩ এপ্রিল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে শুরু হওয়া এই মেলায় শুক্রবার ও শনিবার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে এবং সন্ধ্যার দিকে পুরো মেলা প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে পড়ে। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতিতে মেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
মেলার স্টল ও প্যাভিলিয়নগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। প্লাস্টিক পণ্য, ইমিটেশনের গয়না, শাড়ি, কসমেটিকস এবং শিশুদের খেলনার দোকানে কেনাকাটার ধুম লেগেছে। তবে মেলা কর্তৃপক্ষ ও বিক্রেতারা বর্তমান সময়সূচি নিয়ে কিছুটা চিন্তিত। মেলা পরিচালক মোঃ মামুন হোসেন জানান, তীব্র গরমের কারণে মানুষ দিনের বেলা মেলায় আসতে পারছেন না। সন্ধ্যার পর যখন ভিড় বাড়তে শুরু করে, ঠিক তখনই রাত ৭টার দিকে মেলা বন্ধ করে দিতে হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সময়সীমা নির্ধারণ করায় ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মেলার সময়সীমা কিছুটা বাড়ানো হলে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেলায় আগত দর্শনার্থীরা সুশৃঙ্খল পরিবেশ ও বিনোদনের চমৎকার আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে আসা দর্শনার্থীরা জানান, শিশুদের খেলার পার্ক এবং বড়দের বিনোদনের ব্যবস্থা মেলাকে একটি সার্থক মিলনমেলায় পরিণত করেছে।
মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি ফরিদপুর জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। আয়োজকরা মনে করেন, ফরিদপুরের শান্তিপ্রিয় মানুষ এই মেলার মাধ্যমে একটি সুস্থ বিনোদনের সুযোগ পেয়েছে যা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।