নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম শনিবার ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী এই সফরে তিনি স্থানীয় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গতকাল শনিবার দুপুরে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামা ওবায়েদ। সভায় তিনি এলাকার টেকসই উন্নয়নে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে তিনি স্থানীয় কৃষকদের সুবিধার্থে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেলে প্রতিমন্ত্রী লস্করদিয়া ইউনিয়নের মনোহরপুর থেকে চৌসারা পর্যন্ত এবং সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি এলাকার গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় কৃষিকাজ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।