নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগীসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। গত সোমবার সকালে কোতোয়ালি থানার গুহ লক্ষ্মীপুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহেদা বেগম ও তার সহযোগী সোনাজান খাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বাধীন একটি দল।
শাহেদার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। উল্লেখ্য, এই এলাকায় মাদক সংক্রান্ত বিরোধে সম্প্রতি রাজু হত্যাসহ একাধিক নৃসংশ হামলার ঘটনা ঘটেছে।
অন্যদিকে গত রোববার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আতাদি টোল প্লাজা এলাকায় অপর এক অভিযানে ১১ কেজি গাঁজাসহ বি এম সাগর হোসেন ও সজিব মোল্লাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভাঙ্গা-মাওয়া রুটে দেশের বিভিন্ন জেলায় মাদকের বড় চালান সরবরাহ করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আখতার জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং জেলাজুড়ে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।