নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরকে অনতিবিলম্বে বিভাগ হিসেবে ঘোষণা, পদ্মা নদী রক্ষা এবং একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জাতীয় সংসদে জোরালোভাবে উত্থাপন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া তার এই বক্তব্য জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।
বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ ১৭ বছর ধরে ফরিদপুরবাসী চরম অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। এই বঞ্চনা থেকে মুক্তি পেতে ফরিদপুরকে বিভাগ হিসেবে স্বীকৃতি দেওয়া এখন সময়ের অপরিহার্য দাবি। বিভাগ বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, উচ্চশিক্ষার সুযোগ সীমিত হওয়ায় এই অঞ্চলের শিক্ষার্থীরা ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে মেধা বিকাশ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব হবে।
এছাড়া পদ্মা নদীর ভাঙন ও পরিবেশগত সংকট মোকাবিলায় ব্যারেজ নির্মাণসহ আধুনিক নদী ব্যবস্থাপনার দাবি জানান তিনি। প্রসঙ্গত, নির্বাচনের আগে রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তারেক রহমান ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সিটি কর্পোরেশন ঘোষণা এবং বিভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে সম্প্রতি বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করা হলেও ফরিদপুর সিটি কর্পোরেশনের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা হতাশা বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে এবং জেলাটি অর্থনৈতিক ও অবকাঠামোগতভাবে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সংসদ সদস্যের এই বলিষ্ঠ ভূমিকার পর এখন সরকারের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ফরিদপুরবাসী।