নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে হামের সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন হামে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৩ জনে দাঁড়িয়েছে এবং প্রাণহানি ঘটেছে ৬ জনের। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, গত এক দিনে চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন এবং সালথায় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় ৪ জনের দেহে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। সংক্রমণ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।