নিজস্ব প্রতিবেদক ■
ফরিদপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াকরণ কার্যক্রম পরিদর্শন শেষে এই খাতকে জাতীয় পর্যায়ের একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে বর্জ্য আর পরিবেশের জন্য আপদ থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে।
বুধবার বিকেলে ফরিদপুর পৌরসভার নির্ধারিত বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দেড় ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বর্জ্য ব্যবস্থাপনা ও এর মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্যের কারিগরি দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. জিয়াউদ্দিন হায়দার দেশের বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে দেশের অধিকাংশ জেলায় অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। বিশেষ করে নদী ও খালের পানিতে বর্জ্য মিশে মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে এবং কৃষিজমির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই সংকট থেকে উত্তরণে ফরিদপুরের বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের উদ্যোগটি একটি মাইলফলক হতে পারে। এই জ্বালানি ব্যবহার করে বর্তমানে পাওয়ার টিলারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে, যা কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ। তবে এই তেল এখনো ভারী যানবাহনের জন্য উপযোগী নয় বলে তিনি জানান।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্জ্য থেকে জৈব সার, টাইলস, নির্মাণসামগ্রী ও আসবাবপত্র তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।
ড. হায়দার জোর দিয়ে বলেন, বর্জ্যকে সমস্যা না ভেবে সম্পদ হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে। সরকারি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই খাতে টেকসই উন্নয়ন সম্ভব। ফরিদপুরের এই মডেলকে দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বর্তমান কার্যক্রমের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর প্রসারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।