মোঃ আরিফুল ইসলাম লিটন
ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার চরম অব্যবস্থাপনায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধ ও রোগজীবাণুতে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।  জানা গেছে, বিগত সময়ে মেয়র ও কাউন্সিলরের কাছে বারবার ধরনা দিলেও সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদ রহমান ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বর্তমান পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করলে সাময়িক ব্যবস্থা হিসেবে ডাস্টবিনের চারপাশে দেয়াল নির্মাণ করা হয়। বর্তমানে বর্জ্য অপসারণ কেন্দ্রটি অন্য জায়গায় স্থানান্তরের কথা থাকলেও পৌর প্রশাসনে রদবদলের কারণে বিষয়টি ঝুলে আছে।  এ বিষয়ে শহীদ রহমান বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা ঐক্যবদ্ধভাবে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই বর্জ্য ভাগাড়টি লোকালয় থেকে সরিয়ে নেওয়া হয়। এলাকার পরিবেশ রক্ষায় এখন সাধারণ মানুষের জোরালো দাবিই প্রধান ভরসা।