নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এক দুর্র্ধষ ডাকাতির শিকার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে গেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গত পরশু রাতে সশস্ত্র ডাকাত দল একটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস জোগান এমপি নায়াব ইউসুফ। এ সময় তিনি পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। তিনি জানান, এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো শিথিলতা সহ্য করা হবে না। এদিকে গ্রামে এমন দুর্র্ধষ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।