নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
বাংলাদেশ ব্যতীত বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও বর্তমান সরকার জনস্বার্থে দাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকু।
গতকাল শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রসহ সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতে জ্বালানির দাম ৫০ শতাংশ থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়লেও বাংলাদেশে এখনো তা স্থিতিশীল রয়েছে। এটি সরকারের একটি বড় সাফল্য। শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি ও প্রবাসী বাংলাদেশিরা সংকটে পড়লেও সরকার নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে নিরলস কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুদূরপ্রসারী পররাষ্ট্রনীতির কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রয়েছে। ফলে যুদ্ধকালেও ইরানসহ বিভিন্ন বন্ধুরাষ্ট্র থেকে তেল ও গ্যাস আমদানিতে কোনো বড় সংকট তৈরি হয়নি। তবে ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে জনস্বার্থ সুরক্ষিত করেই জ্বালানি মূল্যে কিছুটা সমন্বয় আসতে পারে বলে তিনি আভাস দেন।
এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের নাজুক অবস্থা ও জনবল সংকট দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।