নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্প বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের টেন্ডারসহ যাবতীয় কার্যক্রমে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।  শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড পরিদর্শনকালে উপস্থিত  সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করতে বর্তমান প্রশাসন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, নদী, খাল ও জলাশয় খননসহ সব ধরণের উন্নয়ন প্রকল্পকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে তারা বদ্ধপরিকর। মন্ত্রণালয় যেসব দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে, সেগুলো দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করাই এখন প্রধান লক্ষ্য।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জিলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খাঁন পলাশ এবং পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ শাজাহান সিরাজ।
এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সড়কপথে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন।