রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও সদর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (০১ এপ্রিল ২০২৬) দিবাগত মধ্যরাতে পরিচালিত এ অভিযানে মোট ৫ জনকে আটক করা হয়।
অভিযান শেষে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বাসার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দায়ের করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রেদওয়ান মিয়া (পিতা: শরিফ মিয়া) ও কুতুবউদ্দিন (পিতা: ওলিউল্লাহ), উভয়েই দূর্গাবদ্দী, বালিয়াকান্দির বাসিন্দা। এ দুইজনকে ২ (দুই) মাসের কারাদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মাদকসেবী হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
অপরদিকে, অমিত কবিরাজ (পিতা: অধীর কবিরাজ), মো. মুসা শেখ (পিতা: মৃত মোমিন শেখ) সাং করমচাঁদপুর, বালিয়াকান্দি এবং বাবুল মিয়া (পিতা: কালাইচাঁদ মিয়া) সাং বানিবহ, রাজবাড়ী সদর, এই তিনজনকে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, প্রত্যেক আসামিকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ (এক) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।