নিজস্ব প্রতিবেদক
পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে ফরিদপুরে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদ্দীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জসীম ফাউন্ডেশন ফরিদপুরের উদ্যোগে আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নাযাব ইউসুফ আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম)। জসীম ফাউন্ডেশনের সদস্য সচিব মফিজ ইমাম মিলন কবির সকল ভক্ত ও গুণগ্রাহীকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন। কবিকে স্মরণ ও তার সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ আয়োজন।