ফরিদপুর সদরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসিক সমন্বয় সভায় মাদক, বাল্যবিবাহ এবং অবৈধ মাটি কাটা প্রতিরোধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে।  গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন এবং উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।
সভায় জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেলের মোফাজ্জল হোসেন, অম্বিকাপুরের মো. নুরুল আলম, গেরদার শাহ মোহাম্মদ ইমার হক, ডিগ্রির চরের মেহেদী হাসান মিন্টু ফকির, চাঁদপুরের মোহাম্মদ মাসুদ এবং কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ আলতাফ হোসেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, একটি সমৃদ্ধ উপজেলা গড়তে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূল করা জরুরি। তিনি তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। সভার দ্বিতীয় পর্বে উপজেলা চত্বরে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।