নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে তীব্র জ্বালানি তেলের সংকটের মধ্যে একটি মাত্র ফিলিং স্টেশনে চাহিদামতো তেল সরবরাহ করায় গ্রাহকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েকদিন ধরে জেলার অধিকাংশ পাম্পে রেশনিং পদ্ধতিতে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে রোববার সকাল ১০টা থেকে শহরের জোবাইদা ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল সরবরাহের খবরে সেখানে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে।

পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, মজুদ থাকা সাপেক্ষে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা গ্রাহকদের চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করছে। জেলার প্রায় ৪০টি ফিলিং স্টেশনের অধিকাংশ যখন তেল দিতে হিমশিম খাচ্ছে, তখন এই পাম্পে এসে প্রয়োজনীয় জ্বালানি নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন মোটরসাইকেল ও গণপরিবহন চালকরা। গ্রাহকদের অভিযোগ, অন্যান্য পাম্পে তেলের সরবরাহ কমিয়ে দেয়ায় তাদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এদিকে পাম্পগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সাধারণ গ্রাহকদের দাবি, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।