মিজানুর রহমান, সদরপুর
দীর্ঘ ৩৯ বছর কর্মজীবন শেষে অবসর নিলেন ফরিদপুরের সদরপুর থানার কনস্টেবল জিল্লুর রহমান। শনিবার (৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় তাকে বর্ণাঢ্য ও সম্মানজনক বিদায় জানানো হয়।
বিদায় উপলক্ষে সদরপুর থানা প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন অনুষ্ঠানের। বিদায়ী কনস্টেবল জিল্লুর রহমানকে সহকর্মী ও থানার অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অব্দুল আল মামুন শাহ্ । পরে সুসজ্জিত একটি গাড়িতে করে রাজকীয় মর্যাদায় তাকে বিদায় জানানো হয়, যা উপস্থিত সবার মাঝে সৃষ্টি করে ভিন্নরকম আবেগ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কনস্টেবল জিল্লুর রহমান তার দীর্ঘ চাকরিজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় তার অবদান সদরপুর থানার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় বক্তব্যে আবেগাপ্লুত জিল্লুর রহমান বলেন, এই থানাই ছিল আমার দ্বিতীয় পরিবার। সহকর্মীদের ভালোবাসা ও সম্মান আমি আজীবন মনে রাখবো।তিনি সকলের কাছে দোয়া কামনা করেন যেন অবসরজীবন শান্তি ও সুস্থতার সঙ্গে কাটাতে পারেন।