নিজস্ব প্রতিবেদক, সদরপুর

ফরিদপুরের সদরপুরে মেয়াদ উত্তীর্ণ সার বিক্রি করার দায়ে মেসার্স কনা ট্রেডার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজারের মেসার্স কনা ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ বোরন সার জব্দ করা হয়।

সদরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন, কৃষকদের একাধিক অভিযোগ ছিল মেসার্স কনা ট্রেডার্স বিরুদ্ধে। পরে অভিযোগের ভিত্তিতে মনিটরিংয়ের পর সেখানে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ সার বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মেসার্স কনা ট্রেডার্সকে এক মামলায় নগদ তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।