ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনী সংলাপ ও প্রচার-প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগের নিশ্চয়তা চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। কাউকে কটূক্তিও করা যাবে না।

আজ বুধবার ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিকের সই করা এ সংক্রান্ত চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় উল্লেখ রয়েছে, গণমাধ্যমে নির্বাচনী সংলাপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারবেন না।

এ বিষয়ে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি প্রচার না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।