ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। আটকরা হলেন- ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) ও ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)।

শরীফুল ইসলাম বলেন, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করা হয়।

এর আগে আজ ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পর অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়।