নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিএনপির এক নেতার কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাবিল আলী (৩২) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শনিবার বিকেলে সরিষা ইউনিয়নের সরিষা প্রেমটিয়া স্কুল মাঠে এ ঘটনা ঘটে। আটক কাবিল আলী সরিষা মালপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।

উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক মো. বাচ্চু বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে সরিষা প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে কাবিল আলী তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং আট লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় বাচ্চু বিশ্বাস শনিবার সকালে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিএনপি নেতার অভিযোগের পরদিন বিকেলে স্থানীয়রা স্কুল মাঠে কাবিল আলীকে দেখতে পেয়ে আটক করেন। এরপর গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।

পাংশা থানার ওসি সালাউদ্দিন ব‌লেন, আটক কা‌বিলের বিরু‌দ্ধে হত্যা, চাঁদাবা‌জিসহ একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। চাঁদা দাবির ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন।