নিজস্ব প্রতিবেদক, সদরপুর
সদরপুর উপজেলায় তালাক দেওয়ায় স্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে শৌলডুবী গ্রামের ওয়াদুদ খানের একমাত্র কন্যা মারজানা আক্তার অনুর (২৫) সঙ্গে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চৌগাছা গ্রামের আজম খানের ছেলে শাওন খানের (৩৫) বিয়ে হয়।
পরে অনু জানতে পারেন যে তার স্বামী শাওন মাদকাসক্ত ও পরকীয়ায় জড়িত। এদিকে, প্রায়ই শাওন ও তার পরিবার অনুকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বছরের ২০ সেপ্টেম্বর সালিশের মাধ্যমে তাদের তালাক হয়। তালাকের পর থেকে অনু তার বাবার বাড়িতে বসবাস করছেন।
অনুর বাবা ওয়াদুদ খানের অভিযোগ, গতকাল বুধবার রাতে শাওনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র ও মালপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, ‘আগুন দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’