নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর মুসলিম মিশন কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শনিবার ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসউদ্দিন মোল্লা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০২৭ সালে ২৫ বছর পূর্ণ করবে। আগামী ঈদুল ফিতরের তৃতীয় দিন সারা দিনব্যাপী এ উৎসব হবে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, সমাজচিন্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এক সপ্তাহের মধ্যে অনলাইন নিবন্ধন চালু হবে। নিবন্ধন ফি ২০০২ থেকে ২০২০ সালের শিক্ষার্থী ও তাঁদের স্বামী-স্ত্রীর জন্য ১ হাজার ৫০০ টাকা, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫০০ টাকা এবং ২০২১ সালের পর থেকে বর্তমান শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২০০ টাকা। নিবন্ধনকারীদের জন্য থাকবে গিফট হ্যাম্পার।
সম্মেলনে আয়োজকেরা কলেজ প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।