নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশের ব্যারাক ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ককটেলটি ব্যারাক পর্যন্ত না পৌঁছে পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেলটি ছোড়েন। সেটি পাশের মার্কেটের ছাদে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ফেসবুক পোস্টে লেখেন, কোতোয়ালি থানার ব্যারাক লক্ষ্য করে নিষিদ্ধ সংগঠনের ককটেল নিক্ষেপ করা হয়েছে। মার্কেটের ছাদে বিস্ফোরণ ঘটেছে। যাঁরা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, তাঁদের তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।