নাছির কবিরাজ, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে ফরহাদ মোল্যা (৫০) নামের এক ধানকাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর বিলে এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ ছায়মানারচর গ্রামের গফুর মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের হাসান মৌলভী ও দাউদ মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিটি হাসান মৌলভীর দখলে থাকায় সেখানে তিনি আমন ধান চাষ করেছিলেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে হাসান মৌলভীর লোকজন কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে যান। খবর পেয়ে দাউদ মোল্যার লোকজন বাধা দেন এবং শ্রমিকদের ওপর হামলা চালান। পালানোর সময় ফরহাদকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আলিছা বেগম বলেন, অভাবের সংসারে কিছু টাকার জন্য স্বামী অন্যের জমিতে কাজ করতে গিয়েছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ঢাকায় থাকেন, মেয়েটি ছোট।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।