নিজস্ব প্রতিবেদক
সারা দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শাখার উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড়ে এ সমাবেশ হয়।
বিকেলে শহরের আলিপুর কবরস্থানের সামনে থেকে মিছিলটি শুরু হয়। লাভলু মিয়া সড়ক ও ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে প্রদক্ষিণ শেষে মিছিলটি জনতা ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
জেলা জামায়াতের আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় শূরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা মো. বদর উদ্দিন, জেলা নায়েবে আমির মাওলানা মো. জসিম উদ্দিন ও আবু হারিস মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবুল বাশার এবং ইসলামী ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজবিল্লাহ।
বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। তাঁরা বলেন, “সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশের ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে বাধ্য করা হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা হবে না।” গণভোটের গণরায় মেনে নেওয়ারও দাবি জানান তাঁরা।
নেতারা অভিযোগ করেন, একটি ফ্যাসিবাদী সংগঠন প্রতিবেশী রাষ্ট্রে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর তারা মানুষের ওপর যে নির্যাতন চালিয়েছে, ভবিষ্যতে সেই সুযোগ আর দেওয়া হবে না। সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে প্রতিহত করতে তাঁরা নেতা-কর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।