নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সঙ্গে যুক্ত চারটি হিন্দু পরিবারের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও পোলট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সময় রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে দলটির নেতা-কর্মীরা এ হামলা চালান বলে অভিযোগ।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষীরোদ বিশ্বাসের তিনটি ঘর, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি ঘর, চারটি দোকান ও একটি পোলট্রি খামার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি ঘর এবং ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িতে হামলা হয়।

ক্ষীরোদ বিশ্বাস বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সংখ্যালঘু হওয়ার কারণে তাঁদের ওপর হামলা হয়েছে। পরিবারগুলো আতঙ্কে আছে। থানায় মামলা হয়নি।

কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।