কাজী ইব্রাহিম

গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় পাঁচতলা ভবনটির ভেতরে ঢুকলে এখন পোড়া আসবাবের ছাই, ভাঙা চিকিৎসা সরঞ্জাম আর পোড়া গন্ধ। জানালা-দরজার কাচ অক্ষত নেই; আগুনে টাইলস পর্যন্ত খসে পড়েছে। এই ভবনেই ছিল ৩০ শয্যার আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হামলা ও অগ্নিসংযোগে প্রতিষ্ঠানটি এখন ধ্বংসস্তূপ। বন্ধ হয়ে গেছে বিনা মূল্যের চিকিৎসাও।

গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতালে হামলা চালান বলে স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। হাসপাতালটির মালিক গোপালগঞ্জ সদর আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কেএম বাবর।

দুই দফা হামলা

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-২০ জন নেতা-কর্মী চার-পাঁচটি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ান। এরপর তাঁরা নিচতলায় ঢুকে অভ্যর্থনাকক্ষ, চেম্বার, ডায়াগনস্টিক সেন্টার ও সংসদ সদস্যের কক্ষ ভাঙচুর করেন। আসবাব বাইরে এনে আগুন ধরিয়ে দেন। সেদিন ওপরের তলায় তাঁরা ঢোকেননি। তবে আতঙ্কে চারজন নারী রোগী হাসপাতাল ছাড়েন। তাঁদের একজন ওই দিন দুপুরে সিজারিয়ানে সন্তান প্রসব করেছিলেন; আট ঘণ্টা বয়সী নবজাতককে নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

পরদিন বিকেল পৌনে চারটার দিকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবার হামলা চালান। তাঁরা সব তলায় ঢুকে ব্যাপক ভাঙচুর করেন, এরপর প্রতিটি তলায় আগুন ধরিয়ে দেন।

ক্ষতির চিত্র

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, নিচতলার সব কক্ষ পুড়ে গেছে। দ্বিতীয় তলার দুটি অপারেশন থিয়েটারের টেবিল ও লাইট মারাত্মক ক্ষতিগ্রস্ত। এই তলার আটটি কেবিন ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। তৃতীয় তলার আটটি ওয়ার্ড ও কেবিনও ধ্বংস করা হয়েছে। চতুর্থ তলায় সবচেয়ে বেশি ভাঙচুর হয়েছে। এসি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পঞ্চম তলায় তখনো কার্যক্রম শুরু হয়নি।

ফায়ার সার্ভিস যেতে পারেনি

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার বলেন, আগুনের খবর তাঁরা পেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার অভাবে গাড়ি ও সরঞ্জাম নিয়ে যেতে পারেননি। ফায়ার স্টেশনের বাইরে লাঠিসোটা হাতে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। গাড়ি বের করার সুযোগ ছিল না।

বিনা মূল্যের সেবা বন্ধ

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ডা. কেএম বাবর ও তাঁর স্ত্রী গাইনি চিকিৎসক রাবেয়া খাতুন প্রতিদিন প্রায় ১২০ জন রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র দিতেন। বহির্বিভাগে সব শ্রেণি-পেশার মানুষ বিনা মূল্যে চিকিৎসা পেতেন। সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার হতো নামমাত্র মূল্যে; প্রতি মাসে অন্তত ২০০ রোগীর অস্ত্রোপচার হতো।

বিনা মূল্যে সেবা নেওয়া হালিমা বেগম বলেন, হাসপাতাল বন্ধ থাকায় অনেকে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দ্রুত হাসপাতাল চালুর দাবি জানান।

ডা. কেএম বাবর বলেন, ‘আমার হাসপাতাল ভেঙেছে, তাতে দুঃখ নেই। কিন্তু সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এতে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন।’ তিনি আরও বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময়ও হাসপাতালে হামলা করা হয় না।

ডা. বাবর জানান, ২০১২ সাল থেকে তিনি ও তাঁর স্ত্রী চেম্বারে রোগী দেখছেন। ২০২০ সালে ভাড়া বাড়িতে হাসপাতালটি শুরু হয়। গত বছর নবনির্মিত ভবনে এটি স্থানান্তর করা হয়।