নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন, কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় হামলা চালান। এ সময় হামলাকারীরা বহরে থাকা নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
কালিয়া পুলিশের সার্কেল এসপি রবিন হালদার জানান, খুলনায় নেওয়ার পথে সোহেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে।
অন্যদিকে স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে পরবর্তী সময়ে গুরুতর আহত শাহিনুরেরও মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শাহিনুরের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন এ হামলায় জড়িত থাকতে পারেন।
এদিকে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি ব্যস্ত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।