কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধকে কেন্দ্র করে কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ঘটনায় ২৫ জনকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এদিকে নিহত রাজু মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ করে সন্ধ্যার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার রাতেই ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল নিহতের বাড়ি ছুটে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
অপরদিকে, ভাঙ্গা উপজেলা কৃষক দল নেতার মৃত্যুর খবরে ছড়িয়ে পড়লে ফরিদপুর শহরে বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে শহরের জনতা ব্যাংক মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের পরিবার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ফুটেজ দেখে আমরা অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। পুলিশ মানুষের জান-মাল নিরাপত্তা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।