আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনি বলেছেন, প্রাথমিকভাবে আমাদের ওপর নির্দেশনা রয়েছে- কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করা যাবে না। আমরা যথাসম্ভব সাউন্ড গ্রেনেড এবং অন্যান্য কৌশল অবলম্বন করে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান গনি বলেন, বর্তমানে গোপালগঞ্জে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের হাত থেকে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে আজ থেকে ৮ প্লাটুন আনসার মাঠে কাজ শুরু করেছে। এখানকার জনগণ যতদিন আনসার বাহিনীর উপস্থিতি প্রয়োজন মনে করবে, ততদিন তারা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে প্লাটুন ওয়াইজ টহল ডিউটি পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।