গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানিয়ে দেন। এরপর মাঠে কিছু সময় স্লোগান দিয়ে তারা চলে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ‘আমি ছুটিতে থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। দুপুরে জানতে পারি ছাত্রলীগের জাকির ও রাজীবসহ আরও ১৫-২০ জন গিয়ে কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, বিষয়টি জানা নেই। খোঁজখবর নিয়ে দেখতে হবে।