পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। কোন ইউনিয়নে কোন ধাপে ও কবে নির্বাচন হবে, আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১৪তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের আগেই ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউপি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ যোগ দেন। এ সময় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ধাপভিত্তিক ইউপি নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করা ছাড়াও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড ছাপাসংক্রান্ত জটিলতা কাটানোর বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়। এছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিষ্পত্তীকরণ এবং এনআইডি সেবা নিয়ে কর্মশালার আয়োজনসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
কোন ধাপে কয়টি ইউপিতে ভোট
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। ইসি ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হবে।
সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। কেননা আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলোও পরে এ ধাপে সমন্বয় করা যাবে। সুনির্দিষ্টভাবে ইউপির নামগুলো বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে সবাই জেনে যাবেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডিসেম্বরে
সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই তা শুরুর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এ মাসের শেষদিক অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।
সেনা মোতায়েনের দাবি আসেনি
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কিনা, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ ধরনের কোনো দাবি এখনও কমিশনের কাছে আসেনি।
স্মার্টকার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা
কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা এবং স্মার্টকার্ড ছাপানোর কাজে চলমান সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্টকার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে।
সানাউল্লাহ বলেন, এনআইডি স্মার্টকার্ড প্রিন্ট বন্ধ নেই। তবে স্মার্টকার্ডের সফটওয়্যারে সমস্যা চলছে, যেটি সমাধানের কাজও চলছে। আশা করছি, যেকোনো সময় এটি ঠিক হয়ে যাবে। তবে এনআইডি সেবা কিন্তু বন্ধ নেই। কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইটে গিয়ে সেটি প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন।
ইভিএম নিষ্পত্তিতে গাজীপুর থেকে কাজ শুরু
ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি সম্পর্কে কমিশন সভায় আলোচনা হয়েছে।
সানাউল্লাহ বলেন, ইভিএমগুলোর ডিসপোজালের (নিষ্পত্তি) ব্যাপারে গঠিত কমিটির কাজের অগ্রগতি সম্বন্ধে একটা ধারণা কমিশন আজ (সোমবার) নিয়েছে। প্রথমে মাঠপর্যায়ের বিভিন্ন স্তরে ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, গাজীপুর থেকে ইভিএম নিষ্পত্তির কাজ শুরু করা হবে।
এনআইডি সেবা নিয়ে কর্মশালা
জাতীয় পরিচয়পত্র সেবার সবদিক নিয়ে আগামীকাল বুধবার একটি কর্মশালার আয়োজন করবে নির্বাচন কমিশন। সেখানে সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতা এবং কমিশনের ভেতরে-বাইরে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হবে।