নিজস্ব প্রতিবেদক
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যে ফরিদপুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানেই গিয়ে শেষ হয়।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও এনজিওর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, দৈনিক ফাতেহাবাদের সম্পাদক প্রফেসর এবিএম সাত্তার, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি ড. এম এ জলিলসহ প্রবীণ ব্যক্তিরা।
ইউসিডি কর্মকর্তা কে এম সুজাউদ্দিন রাশেদের সঞ্চালনায় প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও দীর্ঘায়ু মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিতের দিক নিয়ে আলোচনা হয়।
সভা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখা ও দৈনিক ফাতেহাবাদের পক্ষ থেকে ১০৭ বছর বয়সী প্রবীণ মোহাম্মদ গৈজদ্দিন মুন্সিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।