নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে এক ব্যবসায়ীকে হ্যান্ডকাফ পরিয়ে মারধর ও ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেহেদী হাসান দুপুর দেড়টার দিকে ভাঙ্গা বাজারের পূবালী ব্যাংক শাখায় নিজের হিসাব থেকে জমি কেনার জন্য ৭ লাখ টাকা তোলেন। এরপর অটোতে মুনসুরাবাদ গ্রামের বাড়ির পথে রওনা হন।

মেহেদীর ভাষ্য, চারাবটতলায় একটি সাদা প্রাইভেটকার তাঁর অটো আটকে দেয়। গাড়িতে থাকা চারজন ডিবি পরিচয়ে তাঁকে হ্যান্ডকাফ পরান, মারধর করে গাড়িতে তোলেন এবং অস্ত্র ঠেকিয়ে মুখে মাস্ক পরিয়ে অজ্ঞান করেন।

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুলিয়া গাবতলী এলাকার ঝোপ থেকে স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ফরিদপুর জেলা ডিবির ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ওই দিন ভাঙ্গায় ডিবির কোনো দল যায়নি। ঘটনাটি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীরা নিজেদের র‍্যাব পরিচয় দিয়েছিল। দোষীদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলছে।