নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে স্ত্রীকে ভারতে পাচারের মামলায় জাহিদ শেখকে (৪৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ফরিদপুর জেলা মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে আলফাডাঙ্গার এক নারীর সঙ্গে নড়াইলের কালিয়ার এক যুবকের বিয়ে হয়। কয়েক মাস পর বিবাহবিচ্ছেদ হলে জাহিদের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। জাহিদ পোশাক কারখানায় চাকরির কথা বলে ঢাকায় নিয়ে তাঁকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের পর তাঁকে ভারতের কেরালায় পাচার করা হয়। সেখানে কেরালা পুলিশ তাঁকে আটক করে। পরে আইনজীবীর সহায়তায় দেশে ফেরেন।
এ ঘটনায় ২০১৬ সালের ৫ মার্চ ওই নারীর মা জাহিদসহ ছয়জনের বিরুদ্ধে মানব পাচারের মামলা করেন। তদন্ত শেষে আলফাডাঙ্গা থানার এসআই মো. কামরুজ্জামান ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
একই আইনের আরেক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড। দুই সাজা একসঙ্গে চলবে।
অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।