নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন খানম (২৯) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার কিছু আগে, আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে শারমিন কাউকে কিছু না বলে বাসা থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
এ ঘটনায় শারমিনের মা সাফিয়া বেগম গত ২৭ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ২১১৩।
জিডিতে নিখোঁজ শারমিনের বর্ণনায় বলা হয়েছে, তাঁর গায়ের রং ফর্সা, শারীরিক গঠন চিকন, উচ্চতা প্রায় ৫ ফুট, চুল কালো ও মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তাঁর পরনে বোরকা ছিল।
শারমিনের সন্ধান পেলে ০১৭৬৫৫৯৫৯১৭ নম্বরে যোগাযোগ করতে সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার।