বোয়ালমারী প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। গত বুধবার বিকেল তিনটার দিকে তিনি বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া ও গোপালপুর ইউনিয়নের দিগনগর গ্রামে যান। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের খোঁজ নেন।
স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্যকে জানান, ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাঙন প্রতিরোধে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ইলিয়াস মোল্লা বলেন, পদ্মা, মধুমতী ও কুমার নদীর ভাঙনে ফরিদপুরে প্রতিবছর বিপুল জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। তাঁর সংসদীয় আসনের শত মাইলেরও বেশি এলাকায় মানুষ ভাঙনের শিকার হচ্ছেন।
সংসদ সদস্য আরও বলেন, ভাঙন রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে তিনি সংসদেও কথা বলেছেন।
এ সময় আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, এনবিডিসি মাদ্রাসার সুপার আব্দুর রব ফারুকীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।